রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তাকে একজন কার্যকর নেতা ও শান্তিপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে স্মরণীয় করে রাখতে চান। তিনি বারবার দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য একটি শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার আলোচনা এ সপ্তাহে আবুধাবিতে হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার জন্য ট্রাম্প ইতিবাচক না নেতিবাচক—এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, মার্কিন জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং রাশিয়া সেই সিদ্ধান্তকে সম্মান করে।
মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন ট্রাম্প। তার মাঝে মাঝে ‘হঠকারী’ আচরণ থাকলেও তা কার্যকর বলে তিনি মনে করেন।
রয়টার্স, তাস ও ওয়ারগনজোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ট্রাম্প আবেগপ্রবণ মানুষ। তবে তাকে ঘিরে যে বিশৃঙ্খলার কথা বলা হয়, তা পুরোপুরি সত্য নয়। এর পেছনে একটি সচেতন ও দক্ষ কৌশল রয়েছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেভ। বর্তমানে তিনি দেশটির কট্টরপন্থিদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটান বলে বিদেশি কূটনীতিকরা মনে করেন।
যদিও রাশিয়ার নীতিনির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবুও মেদভেদেভের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
মেদভেদেভ বলেন, ট্রাম্প ইতিহাসে শান্তির দূত হিসেবে স্মরণীয় হতে চান—এবং তিনি সত্যিই সেই চেষ্টা করছেন। এ কারণেই আমেরিকানদের সঙ্গে আমাদের যোগাযোগ এখন অনেক বেশি ফলপ্রসূ হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএসএম