এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, ইডিসিএলের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মো. আ. সামাদ মৃধার বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দুদক জানায়, অনুসন্ধান চলাকালে ওপেন সোর্স ও গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত কিংবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আবেদনের মাধ্যমে দুদক আদালতের কাছে অনুরোধ জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যেন অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগ করতে না পারেন। এ লক্ষ্যে বিদেশ গমন রহিত করার জন্য কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতে আবেদন করা হয়।
আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মো. আ. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
এমডিএএ/ইএ