আইন-আদালত

পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ঢাকা মহানগর জজ কোর্টের সাবেকপিপি আব্দুল্লাহ আবু ও তার পরিবারের বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ কোর্টের বিচারকদের সঙ্গে যোগসাজশ করে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ডিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ও তার পরিবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করারও অভিযুক্ত।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমন রহিতকরণের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করে দুদক।

আবেদনে আব্দুল্লাহ আবু সহ তার পরিবারের পরিচিত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য—মনোয়ারা বেগম (স্ত্রী), কাজী আহসান উল্লা শিবলী ও কাজী আমরীন সুলতানা (সন্তানরা)। আবেদনে তাদের জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছিল।

আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এমডিএএ/এমএএইচ/