বিনোদন

‘সময় থাকলে প্রেম করুন’-স্বস্তিকার বার্তা

 

অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। আর সেই অভিনেত্রী যদি হন স্বস্তিকা মুখার্জি, তাহলে আলোচনা যেন আরও একধাপ এগিয়ে যায়। ব্যক্তিগত মতামত হোক বা সামাজিক বক্তব্য- খোলামেলা কথা বলতে কখনোই পিছপা নন তিনি। ফলে প্রশংসার পাশাপাশি সমালোচনাও তাকে ঘিরে লেগেই থাকে।

সম্প্রতি প্রেম নিয়ে দেওয়া এক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রে এই অভিনেত্রী। একাধিক প্রেমে থাকা প্রসঙ্গে তার হালকা ঢঙের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে চুপ থাকেননি স্বস্তিকাও। বরং সরাসরি জবাব দিয়েছেন সমালোচকদের।

সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব-আপনাদের পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন!”

এখানেই থেমে থাকেননি তিনি। সমাজে প্রেমকে অযথা গুরুতর বিষয় বানিয়ে ফেলার প্রবণতার দিকেও আঙুল তোলেন স্বস্তিকা। তার ভাষায়, ‘সমাজে কবে যে প্রেম এত বিরাট গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না।’

সমালোচকদের উদ্দেশে কড়া সুরে তিনি আরও লেখেন, “প্রশ্ন করলে উত্তর দেবই-সেটা না পছন্দ হলেই ব্যস! আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।”

পোস্টের একাংশে সমসাময়িক বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে স্বস্তিকা ইঙ্গিত দেন, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহের বদলে নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকা ভালো। শেষ দিকে তার পরামর্শ, “নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন। ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরোই লস।”

আরও পড়ুন:দুই দিনে কত আয় করলো রানি মুখার্জির নতুন সিনেমা সাই পল্লবী বাদ, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা 

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘কালীপটকা’ ওয়েব সিরিজের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বস্তিকা। কাজের ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই সরাসরি জবাব ভক্তদের একাংশের কাছে স্পষ্টভাষী অবস্থান হিসেবেই দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত চর্চার জবাব দিতেই এই বার্তা দিয়েছেন অভিনেত্রী।

এমএমএফ