ক্যাম্পাস

নির্বাচনে ৬ দিন ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৬ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল অফিস বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৯ থেকে ১২ ফেব্রুয়ারি চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ১৩, ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়াতে দুইদিন বেড়ে মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

এসএইচ জাহিদ/এফএ/এমএস