ঢালিউডের চিত্রনায়ক সিয়াম আহমেদ শ্রীলঙ্কায় চলতি নতুন সিনেমা ‘রাক্ষস’র শুটিং করছেন। সিনেমায় তার বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিয়াম প্রকাশ করেছেন শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান। সেখানে তিনি সিনিয়র অভিনেতার প্রতি সম্মান জানিয়ে দারুণ এক মন্তব্য করেছেন।
সিয়ামের দাবি, শাকিব খান এমন এক উচ্চতায় রয়েছেন যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চেষ্টাও করেন না তিনি।
সিয়াম জানান, তিনি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না। তিনি বলেন, ‘শাকিব ভাই ২৬ বছর ধরে দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকেই নেতৃত্ব দিয়েছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়। আমি সেই চেষ্টা করি না। আমি শুধু নিজের কাজটি ঠিকঠাকভাবে করতে চাই।’আরও পড়ুনপ্রথমবার একসঙ্গে গাইলেন ফাহমিদা নবী ও ইমরান বিতর্কিত সিরিজ ‘গেম অব থ্রোন্স’ স্টাইলে চলছে জামায়াত আমিরের প্রচারণা
ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে নিজের সিনেমা মুক্তি প্রসঙ্গে সিয়াম আরও বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আমি আগের চেয়ে কতটা এগোতে পেরেছি, এটাই আমার চিন্তার বিষয়।’
সিনেমায় কলকাতার সুস্মিতা চ্যাটার্জিকে দেখা যাবে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প, যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে, এবং বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে শেষ হবে।
রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত সিনেমাটি এই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে সিনেমার সম্পাদনার কাজও সমান্তরালভাবে চলছে।
এলআইএ