নরসিংদীতে পুলিশ লাইন এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের পৌনে ৩ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন কারিগরি শিক্ষার্থীরা। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করেনতারা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বেসরকারি সব ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।
এসময় মহাসড়কের দুই পাশে প্রায় দশ কিলোমিটার যান চলাচল বন্ধ হয় যায়। এতে দুর্ভোগে পড়ে মহাসড়কে চলাচলরত সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে দুইটায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোকদেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।
পরে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সঙ্গে একাধিকবার কথা বলেন। এসময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করবেন বলেও জfনান।
আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়। তাদের সমস্যা বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সঞ্জিত সাহা/এনএইচআর/জেআইএম