ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আল্লাহ আমাকে যেন ঢাকা-১৪ আসনের জনগণের খেদমত করার তাওফিক দেন—এটাই আমার একমাত্র চাওয়া।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে মিরপুরের ৮নং ওয়ার্ডের তামান্না পার্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়কালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সানজিদা ইসলাম তুলি বলেন, আজকের এই পবিত্র রাতে আপনারা সবাই আমার জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করেন। আমাকে ফেলে চলে যাবেন না, আমিও ইনশাল্লাহ্ সবসময় আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, আমি কোনো নেতা বা নেত্রী হিসেবে নয়—কারও সন্তান, কারও বোন, কারও পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলবো।
নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে ধানের শীষের এ প্রার্থী বলেন, আমি তারেক রহমানের প্রতিনিধি এবং আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব কাঁধে তুলে নেবো।
তিনি বলেন, আমি ভাষাসৈনিকের সন্তান, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা হিসেবে একজন সংগ্রামী নারী। অন্যায়ের সঙ্গে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করবো না। আমি পজিটিভ রাজনীতিতে বিশ্বাস করি। কারও বিরুদ্ধে অভিযোগ তুলে নয়—আমি কী কাজ করতে পারবো সেটাই জনগণের সামনে তুলে ধরতে চাই।
আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ আমাকে আন্তর্জাতিকভাবে কথা বলা ও কাজ করার সুযোগ দিয়েছেন। আমার সব অভিজ্ঞতা আমি ঢাকা-১৪ আসনের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।
গণসংযোগ কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমকেআর