জাতীয়

চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি 

চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় পুলিশ পাহারায় থাকা এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে বাসাটিতে পুলিশ পাহারা ছিল।

মোস্তাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী সাজ্জাদ প্রথমে ১০ কোটি টাকা, পরে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার বাসায় একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। আজ ভোরে মুখোশধারী চারজন অস্ত্রধারী বাসার পেছনের দিকে এসে ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও বলেন, বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী বিষয়টি পুলিশ সদস্যদের জানালে তারা অবস্থান নেন। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের হাতে পিস্তল, চাইনিজ রাইফেলসহ আধুনিক অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

অস্ত্র হাতে দুই ব্যক্তি/ছবি: ভিডিও থেকে নেওয়া

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশধারী চারজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে বাসার কাছে এসে গুলি ছুড়ছেন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজনের হাতে দুটি পিস্তল ছিল। অন্যদের কাছে সাবমেশিনগান, চাইনিজ রাইফেল ও শটগান ছিল।

খবর পেয়ে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, হামলাকারীরা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে এসে কিছু দূরে গাড়ি রেখে হেঁটে বাসার কাছে যায় এবং গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার দাবিকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগীরা এ হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এমআরএএইচ/এমএমকে