ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৭২) মরদেহ ফেরত পাঠিয়েছে ভারত।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম পরান আলী মিয়া।
শুক্রবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান বলেন, গত বছরের ৫ আগস্টের পর মো. জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।
তিনি বলেন, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
মো. জামাল হোসেন/এমআরএম