দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে কার্যালয় থেকে আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন দিয়েছে। এতে দলীয় কার্যালয়ে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে কয়েকটি চেয়ার পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।

আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম