রাজধানীর কদমতলী শনির আখড়া ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাহ আলম (১২) ও নাজমুল হক (৪৭)।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে তাদের দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
আহত শাহ আলমকে নিয়ে আসা মো. জুবায়ের হোসেন জানান, নিহত শাহ আলম আমার মালিবাগের কারখানায় শ্রমিক ছিল। রাত সাড়ে ১১টার দিকে আমার কারখানা থেকে নাস্তা খাওয়ার জন্য বের হয়। নাস্তা খাওয়া শেষে কারখানায় যাওয়ার সময় শনির আখড়া জাপানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শাহ আলমের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামে। বর্তমানে সে একটি মানিব্যাগ কারখানায় থাকতো। পেশায় সে ওই কারখানার শ্রমিক ছিল।
অন্যদিকে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের বোনজামাই আশরাফ উদ্দিন জানান, রাতের দিকে গ্রিনরোড থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাবার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত নাজমুলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় থাকতেন। পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএমএ/এমএস