খেলাধুলা

এক বিশ্বকাপের হতাশা ভুলে আরেক বিশ্বকাপে চোখ সাইফের

নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে না চাওয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ১৯৯৯ সালে অভিষেকের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপে অংশ নেয়নি টাইগাররা। চলতি বছরে আইসিসি’র বড় কোনো ইভেন্ট না থাকলেও, আগামী বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ—যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ। হাতে লম্বা সময় থাকলেও ব্যাটার সাইফ হাসান মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ ভুলে এখন থেকেই ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করা জরুরি।

আগামীকাল মঙ্গলবার বিসিএল ফাইনালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থ ও সেন্ট্রাল জোন। এর আগে আজ সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেন্ট্রাল জোনের সাইফ হাসান নিজের মানসিক অবস্থা নিয়ে বলেন, ‘মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’

ফাইনাল ম্যাচের উইকেট এবং নিজের প্রত্যাশা নিয়ে সাইফ আরও যোগ বলেন, ‘আমরা যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। কালও যদি ওরকম থাকে, অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট হবে, ব্যাটার-বোলার সবাই সাহায্য পাবে অবশ্যই। ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।’ এসকেডি/এমএমআর