জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পল কাপুর শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষ হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু হিসেবে মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবেন। এছাড়া আজ বুধবার সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে পল কাপুর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। সফরের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার পার্টিতে অংশ নেবেন এই মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা।

পল কাপুরের এই ঢাকা সফর নিয়ে গত সোমবার ঢাকা মার্কিন দূতাবাস থেকে একটি বিশেষ বিবৃতি প্রদান করা হয়।

সেখানে উল্লেখ করা হয়েছে যে, এই সফরের প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেবেন।

জেপিআই/এসএনআর