দেশজুড়ে

কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি আর সহ্য করা হবে না: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‌‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি আর সহ্য করা হবে না। আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক মনে করি।

বুধবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।’

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, ‘এ অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।

আরমান খান/এসআর/এএসএম