দেশজুড়ে

মেহেরপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বহিরাগতদের হামলা

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ ঘটনায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মুহা. আলম হুসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভা চলাকালে দুপুর সোয়া ১টার দিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা আলম হুসাইনের বিরুদ্ধে মিছিল নিয়ে সভাকক্ষে প্রবেশ করেন। তারা ফ্যাসিবাদী সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে সভা থেকে বের করে দেওয়ার চেষ্টা চালান। এক পর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি চেয়ার তুলে মারতে উদ্যত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হোসেন ঘটনাটিকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে বলেন, উপজেলা পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সভায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে কাম্য নয়। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আগামীতে গাংনী উপজেলায় এমন ঘটনা আর ঘটবে না বলে আশা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সভা চলাকালে সৃষ্ট পরিস্থিতি অনভিপ্রেত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম