দেশজুড়ে

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে অতিরিক্ত তাপমাত্রা ও চাপে রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বুধবার (৪ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন থাকায় অধিক তাপ ও চাপে এমনটি হয়ে থাকে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ের কর্মীরা রেললাইন মেরামত করলে বিকেল সাড়ে ৫টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে এবং ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকা ছিল। লাইন ক্লিয়ার হলে ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম