জাতীয়

ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

চলতি বছরের ফেব্রুয়ারিতে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ১৩টি পিস্তল ও গোলাবারুদসহ জব্দ করা হয়েছে নানা মাদক।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ১৬৯ গ্রামের বেশি সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি প্রসাধনী সামগ্রী, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ১৯৫টি মোবাইল ফোন, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ৬৩৮টি গরু ও মহিষ এবং শতাধিক যানবাহন।

এছাড়া, জব্দ করা হয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, তিন কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং পাঁচ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা, দুই কেজি ২৬৮ গ্রাম হেরোইন, দুই হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, এক কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, এক লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, এক লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন এবং ২৫০ গ্রাম কোকেন।

কেআর/একিউএফ