ক্যাম্পাস

জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও সমিতি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এসময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকশ নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এসময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে কালের কণ্ঠ, যুগান্তর, বাংলাদেশের খবর, সময়ের আলোসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ সাংবাদিক আহত হন।

আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ৩ জন অবস্থা গুরুতর। 

এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, ‘২ মার্চ সাংবাদিক সমিতির ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। নিয়মতান্ত্রিক উপায়েই আজ (৫ মার্চ) মনোনয়ন সংগ্রহের দিন ছিল। কিন্তু গতকাল (৪ মার্চ) রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ স্বাভাবিকভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হচ্ছিল। এরই মধ্যে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা চালান। বর্তমানে আমাদের ১০ সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

হামলার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা কেউ সমিতির অফিসে যাইনি। জুনিয়র কেউ কেউ যেতে পারে।’

তবে হামলার বিষয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমরা কেউ হামলার সঙ্গে জড়িত না।’

জানা গেছে, সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফসিল অনুযায়ী আজ (৫ মার্চ) মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল।

টিএইচকিউ/এমআইএইচএস/