সাকিব আল হাসান দেশে নেই, কিন্তু দেশের ক্রিকেট আলোচনায় তিনি বরাবরই কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে গত মাস থেকে জাতীয় দলের জার্সিতে তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ফিরবেন তিনি এই গুঞ্জন ছিল বেশ জোরালো। তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। এর মাঝেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন কোচ সোহেল ইসলাম।
আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহেল ইসলাম সাকিবের ভবিষ্যৎ এবং দলের পরিকল্পনা নিয়ে কথা বলেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে তিনি অবাক হবেন কি না—এমন প্রশ্নে সোহেল ইসলামের সোজাসাপ্টা জবাব, ‘না, অবাক হবো কেন?’
সাকিবের বিরুদ্ধে চলমান মামলার সমাধান হলে তার দলে ফেরার পথে কোনো বাধা দেখছেন না এই স্পিন বোলিং কোচ। তিনি বলেন, ‘যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। সে টিমে খেলবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তার খেলার মান নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।’
পরবর্তী বিশ্বকাপের জন্য দল গঠনের ক্ষেত্রে নতুন মুখ দেখার আশাবাদও ব্যক্ত করেন সোহেল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এখন ২৬ চলছে, এরপর সাতাশ। বেশি লম্বা সময়ের ব্যাপার না। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিত। কোন সিরিজে দেখব এগুলো সিলেক্টর, হেড কোচ, ক্রিকেট অপ্সে যারা আছেন তারা প্ল্যান করবেন। বাঞ্চটা বড় হলে দেখার ক্ষেত্রও বড় থাকে। ২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।’
এসকেডি/আইএন