দেশজুড়ে

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৩ ভূমি কর্মকর্তা বদলি, গ্রাহকসেবা বন্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে দিনভর ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা।

জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কাউকে অবহিত না করেই আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পার হলেও অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। কর্মকর্তাদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বদলিকৃত তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী ৷ এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে ৷

শাহজাহান নামের এক সেবাগ্রহীতা বলেন, এখানকার ভূমি অফিসে কাজ করানো মানে ভোগান্তি সহ্য করা। গতকাল মন্ত্রী আসছে শুনে আজ আসছিলাম। তবে এসে কোনো কর্মকর্তাকে পাইনি।

খাইরুল নামে আরেক ব্যক্তি বলেন, আমার জমির খাজনা জনিত সমস্যা আছে, এ বিষয়ে সমাধান জানতে এসেছিলাম। কােনো কর্মকর্তা না থাকায় ফিরে যাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জাগো নিউজকে জানিয়েছেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বদলির কারণে আজ ওই ভূমি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, নতুনরা জয়েন করলেই আগামী কার্যদিবস থেকে এখানে সব ধরনের নাগরিকগণ সেবা চালু হবে।

মো. আকাশ/কেএইচকে/জেআইএম