দেশজুড়ে

কুয়াশায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফাল্গুনের আকস্মিক ঘন কুয়াশায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি ছাড়ার অনুমতি দেয় ঘাট কর্তৃপক্ষ ।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, হঠাৎ করে শরিবার ভোর রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাবার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। যার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকালেও যানাহনের চাপ না থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় তেমন কোনো সিরিয়াল তৈরি হয় নাই।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৯টা ১০মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহনের চাপ নাই। তাছাড়া সকালে যানবাহনের চাপ তেমন থাকে না।

রুবেলুর রহমান/কেএইচকে/এএসএম