সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার টিপস ভাইরাল হতে দেখা যায়। কেউ বলেন ব্রণের ওপর টুথপেস্ট লাগাতে, আবার কেউ পরামর্শ দেন লেবুর রস ঘষতে। অনেকেই এই ধরনের ঘরোয়া প্রতিকারকে সহজ, দ্রুত এবং সস্তা সমাধান মনে করে অন্ধভাবে অনুসরণ করেন।
কিন্তু বাস্তবতা হলো, মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। শরীরের অন্যান্য অংশের জন্য যা উপকারী হতে পারে, তা মুখের ত্বকের জন্য সবসময় নিরাপদ নয়। ভুল পণ্য বা উপাদান ব্যবহার করলে ত্বকে জ্বালা, লালচে ভাব, দাগ, ব্রণ কিংবা দীর্ঘমেয়াদি ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক স্কিনকেয়ার ট্রেন্ড আসলে ত্বকের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।
ব্রণের ওপর টুথপেস্ট লাগানোঅনেকের ধারণা, ব্রণের ওপর টুথপেস্ট লাগালে তা দ্রুত শুকিয়ে যায় এবং ব্রণ সেরে ওঠে। তবে এই ধারণাটি সঠিক নয়। টুথপেস্ট মূলত দাঁত পরিষ্কার করার জন্য তৈরি, ত্বকের জন্য নয়। এতে থাকা মেন্থল, ফ্লুরাইড এবং বিভিন্ন পরিষ্কারক উপাদান ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে।
প্রথমে টুথপেস্ট লাগালে ব্রণ কিছুটা শুকিয়ে যাচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটি ত্বককে অতিরিক্ত শুষ্ক করে তোলে, যার ফলে লালচে ভাব, জ্বালাপোড়া বা এমন কি ব্রণ আরো ফুলে যাওয়ার ঝুঁকি থাকে।
লেবুর রস সরাসরি মুখে লাগানোলেবুর রস ত্বক উজ্জ্বল করার একটি প্রাকৃতিক উপায় অনেকে বলে থাকেন । লেবুতে ভিটামিন সি থাকলেও এটি অত্যন্ত অ্যাসিডিক। সরাসরি মুখে লেবুর রস লাগালে ত্বকে জ্বালা বা সংবেদনশীলতা তৈরি হতে পারে। বিশেষ করে লেবু ব্যবহার করার পর যদি রোদে বের হওয়া হয়, তাহলে ত্বকে দাগ পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা ফুসকুড়িও দেখা দিতে পারে।
বেকিং সোডার ব্যবহারকেউ কেউ ত্বক পরিষ্কার বা উজ্জ্বল করার জন্য বেকিং সোডা দিয়ে মুখ ঘষে থাকেন। কিন্তু বেকিং সোডার পিএইচ স্তর ত্বকের স্বাভাবিক পিএইচ থেকে ভিন্ন। ফলে এটি মুখে লাগালে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে।ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে ওঠে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ, জ্বালাপোড়া বা ত্বকের অন্যান্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
মুখে বডি লোশনের ব্যবহারবডি লোশন সাধারণত শরীরের তুলনামূলক পুরু ত্বকের জন্য তৈরি করা হয়। এতে অনেক সময় সুগন্ধি ও বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। কিন্তু মুখের ত্বক অনেক বেশি নরম ও সংবেদনশীল।মুখে বডি লোশন ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্রণ, তৈলাক্ত ভাব বা ত্বকের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই মুখের জন্য আলাদা করে তৈরি ফেস ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো।
খুব গরম পানি দিয়ে মুখ ধোয়াক্লান্তিকর দিনের শেষে অনেকেই গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস রাখেন। কিন্তু খুব গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এটি ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয়, ফলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে।
যাদের ত্বক আগে থেকেই শুষ্ক বা সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়তে পারে। তাই মুখ ধোয়ার জন্য হালকা গরম বা ঘরের তাপমাত্রার পানি ব্যবহার করা ভালো।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সব স্কিনকেয়ার টিপস নিরাপদ নয়। ত্বকের যত্নে কোনো নতুন উপায় ব্যবহার করার আগে সচেতন হওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
সূত্র: ইন্ডিয়া টুডে, ফেনিমা
আরও পড়ুন: ঘরে বসেই ত্বক পরিষ্কার করুন এই উপাদান দিয়ে ত্বকে ব্রণের দাগ থাকলে ক্লিনজারে যেসব উপাদান খুঁজবেন
এসএকেওয়াই