খেলাধুলা

ফাইনালে অভিষেককে বিশ্রামে পাঠাতে বললেন কাইফ

আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াই ভারতের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ছাড়াই মাঠে নামর পরামর্শ দিলেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

অভিষেকের ফর্মহীনতার কারণেই এমন কথা বলেছেন কাইফ।

বিশ্বকাপের আগে ঘরে ও ঘরের বাইরে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছিলেন অভিষেক। কিন্তু চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই তিনি। যদিও তার ওপর দলের আশা ছিল অনেকবেশি। একমাত্র ফিফটি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকেই কঠিন সময় পার করা অভিষেককে এরপরও সবগুলো ম্যাচই খেলিয়েছে ভারত। সবকিছু বিবেচনা করেই কাইফ বললেন, ‘ভারত অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে অভিষেক। দলে পরিবর্তন করতে কোনো সমস্যা তো নেই। সংক্ষিপ্ত সংস্করণে পরিবর্তন করাই যায়। ব্র্যান্ডন কিং ফর্মে ছিল না। তার জায়গায় রস্টন চেজ ওপেন করেছিল ভারতের বিরুদ্ধে। ৫-৬টা ম্যাচে ওর পাশে ছিল দল। কিন্তু বড় ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়। সঞ্জুকে ফিরিয়ে এনে লাভ হয়েছে। পরিবর্তন কাজে এসেছে। অভিষেককে ফাইনালে বিশ্রাম দেওয়াই যেতে পারে।’

অভিষেককে বিশ্রাম দিলে তার জায়গায় কাকে খেলানো হবে এটাই হলো বড় প্রশ্ন। সেই প্রশ্নের জবাব দিয়েছেন কাইফ,‘ভারতীয় দলে প্রমাণিত খেলোয়াড় রয়েছে। রিঙ্কু সিং সবখানে রান পেয়েছে। টেস্ট, আইপিএল বা রঞ্জি ট্রফি। কুলদিপ যাদব ও মোহম্মদ সিরাজ সবখানে উইকেট নিয়েছে। ডাগআউটের দিকে তাকালে দেখা যাবে রিঙ্কু সিং বসে আছে। তাকে ফিরিয়ে আনো। যে ফর্মে নেই, ফর্ম হাতড়ে বেড়াচ্ছে, তার জায়গায় এমন এক ক্রিকেটারকে আনো যে ভাল করেছে।’

সবশেষ দুই ম্যাচে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেন। তার প্রশংসা করে কাইফ বলছেন, ‘টি-টোয়েন্টিতে সঞ্জু ৮ হাজারের বেশি রান করেছে। রান হোক বা ছক্কা হাঁকানো, সঞ্জুর নাম আইপিএলে সেরা দশে থাকবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ক্রিকেটার সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এখনও নতুনই বলা যায়। ফিনিশড প্রোডাক্ট ও নয়। এখনই সঞ্জুর সঙ্গে অভিষেকের তুলনা করা উচিত নয়। সঞ্জু এখনই ফিনিশড প্রোডাক্ট। ভারতের হয়ে ১১ বছর আগেই অভিষেক ঘটেছিল সঞ্জুর।’

উল্লেখ্য, এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ৮৯ রান। সর্বোচ্চ ৫৫ রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

আইএন