কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশুকে উদ্ধারে নদীতে উদ্ধার তৎপরতা চলছে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে সুরাইয়া (৮) নামে আরেক শিশু।
ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারের সদস্যরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতে পড়ে যায়। এসময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
রোববার সকাল ৯টায় নিহত তাইবার মরদেহ উদ্ধার করা হলেও এখনো নদীতে নিখোঁজ রয়েছে একই এলাকার সোহেলের মেয়ে সুরাইয়া।
নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ শিশুর সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছি।
আল-মামুন সাগর/এমএন/জেআইএম