একুশে বইমেলা

ছোটদের জন্য ‘ছড়ায় ছড়ায় পশুরাজ্য’

জোহরা শিউলী

হালুম হালুম ডাক দিলে তাইভয়েই আছি চুপ,আড়াল থেকে ধরতে শিকারপটু তুমি খুব।কী ছন্দে ছন্দে পড়তে কেমন লাগল? এই ছড়াটার নাম জানো? ছড়ার নাম ‘বাঘ’।

দাঁড়াও তোমাদের আরেকটা মজার ছড়া শোনাই—সকলে পায় ভয়, জঙ্গলে রাজা সে, সদা থাকে প্রস্তুত, কখন কী কাজ আসে। এটা হলো ‘সিংহ’ ছড়া। আর ‘হরিণছানা’ ছড়ায় কী আছে জানো? চলো একপলকে পড়ে নেই—শুকনো মুখে বনের ভেতরচলছি একা একা,বাঘ বুঝি ভাই চলেই এলোখাচ্ছি ভ্যাবাচ্যাকা।

এমন মজার মজার ছড়া পাবে ‘ছড়ায় ছড়ায় পশুরাজ্য’ বইটিতে। তোমাদের জন্য মজার বইটি লিখেছেন প্রসূন হালদার। এই বইয়ের মাধ্যমে ছোট্টবন্ধুরা জেনে যাবে পশুদের সবকিছু।

আরও পড়ুনহাজী মহম্মদ মহসিন: অনন্য জীবনকথা 

প্রসূন একজন চিত্রশিল্পী। তাই নিজের বই নিজেই এঁকেছেন। শুধু কী উনি এঁকেছেন? তোমাদের জন্যও রেখেছেন আঁকার ব্যবস্থা। বইটির শেষ কয়েক পাতায় আছে তোমাদের জন্য রং করার আয়োজন। ছড়া পড়া শেষে বসে যাবে রংতুলি নিয়ে। আঁকবে নিজের মতো করে।

চলো তাহলে আমরা আরও কিছু ছড়ার গল্প অল্প অল্প করে পড়ে ফেলি। ‘চিতাবাঘ’ ছড়াটায় আছে—চিতাবাঘ চিতাবাঘ/ কত জোরে দৌড়াও,/ বাপু এত তাড়া কেন/ তড়িঘড়ি কই যাও?

‘বানরছানা’ ছড়ায় লিখেছেন—গাছে গাছে লাফালাফি/ কলা পেলে শান্ত,/ দুষ্টুমি করে কত/ নেই তার অন্ত। এ রকম করে ঘোড়া, হাতি, জলহস্তি, পান্ডা, শজারু, গণ্ডার, ভালুক, জিরাফ, নেকড়ে নিয়ে পাতায় পাতায় আছে ছড়া। সেই সঙ্গে মজার করে আঁকা পশুদের ছবি।

বইটি ছোট্ট সোনামণিদের জন্য প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। তো আর দেরী কেন? মা-বাবার হাত ধরে চলে যাও বইমেলায়। তোমার জন্য, ছোট্ট ভাই-বোনের জন্য আর ক্লাসের বন্ধুদের জন্য কিনে ফেলো বইটি।

এসইউ