খেলাধুলা

‘কেন লিগগুলো হচ্ছে না, তার জবাব বোর্ডকে দিতে হবে’

বিসিবি নির্বাচনের অসচ্ছতা এবং সরকারিক হস্তক্ষেপে অভিযোগ এনে ক্লাব সংগঠকরা সব ধরনের লিগ বর্জনের ডাক দেন গত অক্টোবরে। এখন পর্যন্ত তাদের সেই অবস্থান ধরে রেখেছেন। এতে করে ঢাকায় প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেটে অচলাবস্থা হয়েছে। বিসিবি জোড়াতালি দিয়ে কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করলেও তাতে লাভ হয়নি কিছুই। ক্লাব ক্রিকেটে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন নিয়েও যথেষ্ট শঙ্কা আছে।

এর মধ্যে গত অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ৫১ ক্লাবের কাউন্সিলররা। সেখানেই সূর্য তরুণ ক্লাবের কাউন্সিলর ও বিসিবির সাবেক সহ-সভাপতি ফাহিম সিনহা বলেন, এত দিন কেন লিগ বন্ধ আছে তার জবাব বর্তমান বোর্ডকেই দিতে হবে।

রোববার ক্রীড়া পরিষদের সচিবের কাছে অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল, মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন, মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং সাবেক বোর্ড পরিচালক ও সূর্য তরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ বয়েজের কাউন্সিলর জিয়াউর রহমান তপু, প্রগতি সেবা সংঘের কাউন্সিলর সাব্বির আহমেদ রুবেল, গোপীবাগ ফ্রেন্ডসের কাউন্সিলর শফিউল ইসলাম শফু।

সেখানে ঘরোয়া লিগ বন্ধ থাকা নিয়ে তামিম বলেন, ‘এই বিতর্কের ভিড়ে আমরা ভুলে যাচ্ছি যে খেলা হচ্ছে না। কেন লিগগুলো হচ্ছে না, তার জবাব বোর্ডকে দিতে হবে। ১২টি দল নিয়ে প্রিমিয়ার লিগ করানোর চেষ্টা হলেও নিচের সারির লিগগুলো বন্ধ। এই ক্লাবগুলো নির্বাচন নিয়ে একমত না হওয়ায় এখন সব টুর্নামেন্টই অনিশ্চয়তার মুখে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়ায়ই এগোতে চাই এবং যথাযথ নিয়ম মেনেই বিষয়গুলো সামনে আনছি। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আমরা এই পথে এগোচ্ছি।’

বোর্ড ভেঙে দেওয়া নয়, বিগত নির্বাচনে হওয়া অনিয়মের তদন্তের দাবি করেছেন জানিয়ে ফাহিম আরও বলেন, ‘খেলাধুলা একটি শৃঙ্খলার জায়গা। আমরা মনে করি, নির্বাচন যেভাবে হয়েছে তার প্রতিক্রিয়ায় যদি আমরা বোর্ড ভেঙে দেওয়ার দাবি জানাই, তাহলে সেটিও সঠিক হবে না। বিসিবি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি বড় প্রতিষ্ঠান। তাই আইনি প্রক্রিয়া এবং স্বাধীন তদন্তের মাধ্যমেই সঠিক বিচার হওয়া উচিত।’

একই সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান বোর্ড শুরুতেই নির্ধারিত সূচি অনুযায়ী লিগ শুরু না করে ভুল করেছে। তারা বর্তমান বোর্ডকে স্বীকৃতি দেন না বলেই খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘শুরুর দিকে আমরা চেয়েছিলাম নির্ধারিত সূচি অনুযায়ী লিগ শুরু হোক, কিন্তু তারা সেটি করেনি। সেটিই ছিল তাদের প্রথম ভুল। আমরা যেহেতু এই বোর্ডকে অবৈধভাবে নির্বাচিত মনে করি, তাই তাদের স্বীকৃতি দিইনি এবং খেলা বর্জন করেছি। বোর্ড কখনোই ক্লাব সংগঠকদের যথাযথ সম্মান দেখায়নি।’

পরিস্থিতি জটিল হলে বিসিবি থেকে ক্লাব সংগঠকদের সঙ্গে বসার চেষ্টা করা হয়েছে জানিয়ে মাসুদুজ্জামান আরও বলেন, ‘পরে যখন পরিস্থিতি জটিল হয়ে গেছে, তখন তারা আমাদের সঙ্গে বসার চেষ্টা করেছে। আমরা ক্লাবগুলোর পক্ষ থেকে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা আশা করি তদন্তের মাধ্যমে দ্রুত একটি সমাধান হবে। বাংলাদেশের ক্রিকেট আবার মাঠে ফিরবে। ক্রিকেটের যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেটিও আবার ফিরে আসবে। ইনশাল্লাহ ক্রিকেট আবার সুন্দরভাবে চলবে।’

এসকেডি/আইএন