দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও তার গাড়ির চালক আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পাজেরো গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সল্লা এলাকায় পৌঁছালে গাড়িটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পাজেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, দুর্ঘটনায় গাড়ির চালকসহ ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন। গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস বলেন, সরকারি কাজে ঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে এই ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম