এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। ড্র অনুযায়ী সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
এদিকে স্কাই বেট লিগ ওয়ানে সংগ্রাম করা পোর্ট ভেইল কোয়ার্টার ফাইনালে চেলসির মাঠে খেলতে যাবে। গত রোববার সান্ডারল্যান্ডকে চমকে দিয়ে জয়ের পর টেবিলের তলানিতে থাকা পোর্ট ভেইলই এখন প্রতিযোগিতায় টিকে থাকা সর্বনিম্ন র্যাঙ্কের দল। ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো তারা এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।
অন্যদিকে, ওয়েলসের রেক্সহামের মাঠ স্টোক কে রাসে অনুষ্ঠিত ম্যাচে চেলসি দুইবার পিছিয়ে পড়েও ১০ জনের দলে পরিণত হওয়া রেক্সহাম এএফসিকে অতিরিক্ত সময়ে ৪-২ ব্যবধানে হারিয়ে আরেকটি অঘটন এড়িয়েছে।
প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনাল শনিবার ম্যানসফিল্ড টাউনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবার তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন। যারা কিনা শেষ মুহূর্তে রস স্টুয়ার্টের পেনাল্টি থেকে পাওয়া গোলে ফুলহামকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।
এদিকে সোমবার রাতে ব্রেন্টফোর্ডকে হারিয়ে ওয়েস্টহাম ইউনাইটেড কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবার নিজেদের মাঠে তারা আতিথ্য দেবে লিডস ইউনাইটেডকে। শেষ ষোলোতে লিডস ৩-০ ব্যবধানে সহজেই হারিয়েছে নরউইচ সিটিকে।
এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল।
আইএন