ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুস নেওয়ার অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন। অভিযোগের পর নিজের ভুল স্বীকার করে ঘুস হিসেবে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন তিনি।
বুধবার (১১ মার্চ) সকালে অভিযোগকারী নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ওই টাকা ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য একটি টিআর প্রকল্পের আওতায় এক লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কাজটি বাস্তবায়নের সময় অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ঠিকাদারের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুস নেন।
এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত দেন অলিউল ইসলাম। অভিযোগের পরদিনই বুধবার সকালে পিআইও আওলাদ হোসেন অভিযোগকারীর কাছে ঘুস হিসেবে নেওয়া টাকা ফেরত দেন।
অভিযোগকারী অলিউল ইসলাম দুপুরে জাগো নিউজকে বলেন, ‘অভিযোগ দেওয়ার পর পিআইও নিজের ভুল স্বীকার করে আমার কাছ থেকে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দিয়েছেন।’
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মো. আমিন হোসেন/এসআর/জেআইএম