জাতীয়

অন্তর্বর্তী সরকারের অধিকাংশ অধ্যাদেশ সংসদে পাস করতে পারবো

অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের অধিকাংশই বর্তমান সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, এসব অধ্যাদেশের কিছু হয়তো হুবহু গ্রহণ করা হবে, আবার কিছু ক্ষেত্রে সংশোধন এনে সংসদে বিল আকারে পাস করা হবে। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো অধ্যাদেশ আমরা পাস করতে পারবো।

বুধবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো কিছু ইম্পোজ করা, জবরদস্তি করা জাতির জন্যে ভালো ফল নিয়ে আসে না। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো অধ্যাদেশ আমরা পাস করতে পারবো। আমরা তাদের অনেকগুলো অধ্যাদেশ গ্রহণ করতে পারবো। আবার কিছু নিয়ে আলাপ-আলোচনা করতে হবে। কারণ ৩০ কার্যদিবস নয়, ৩০ দিনের মধ্যে এগুলো পাস করতে হবে।

আরও পড়ুনকোনো নেতার ভাষণ বাজানোর জন্য হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইন হিসেবে পাস করার দাবি 

তিনি বলেন, যেগুলো পারবো না ল্যাপস হয়ে যাবে। পরবর্তী সেশনে আমরা বিল আকারে সেগুলো উত্থাপন করবো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে কেউ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাক এমনটি চান না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আশা করছি কোনো নেতার ভাষণকে কেন্দ্র করে কেউ এমন (অনাকাঙ্ক্ষিত ঘটনা) করবে আমরা সেটি চাইনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রেহমান সোবহান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা, মানবাধিকার কর্মী খুশী কবির, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ।

ইএইচটি/কেএসআর