চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, সাধারণ জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার শিগগিরই ‘ই-হেলথ কার্ড’ চালু করবে। এর মাধ্যমে দেশের মানুষ একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থার আওতায় আসবে এবং চিকিৎসাসেবা আরও আধুনিক, সহজ ও কার্যকর হবে।
বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মেয়র শাহাদাত বলেন, চিকিৎসকরা জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসা পেশা শুধুমাত্র একটি পেশা নয়, এটি মানুষের জীবন রক্ষা ও কষ্ট লাঘবে সরাসরি জড়িত একটি মহান মানবিক দায়িত্ব।
ডা. শাহাদাত বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক হচ্ছে। চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসক সমাজের ঐক্য ও আন্তরিকতা দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। বিশেষ করে তরুণ চিকিৎসকদের গবেষণা, প্রশিক্ষণ ও মানবিক সেবার মানসিকতা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানভীর হাবিব তান্নার, সাধারণ সম্পাদক ডা. মো. মোনাইম ফরহাদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীমউদ্দীন, জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে