দেশজুড়ে

কাপড়ের রং ব্যবহার করে তালমিছরি তৈরি, মালিককে জরিমানা

বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল তালমিছরি জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। পূজা মিসরি কারখানা নামের ওই প্রতিষ্ঠানে নিষিদ্ধ টেক্সটাইল রং ও রাসায়নিক ব্যবহারের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাব-১২-এর একটি যৌথ দল এই অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য অত্যন্ত সংবেদনশীল খাদ্য তালমিছরি তৈরি করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় কাপড়ে ব্যবহৃত নিষিদ্ধ টেক্সটাইল রং এবং রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কারখানাটি নকল মোড়ক ব্যবহার করে এসব পণ্য বাজারে সরবরাহ করে আসছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, কারখানাটিতে নিষিদ্ধ রাসায়নিক ও কাপড়ের রং ব্যবহার করে তালমিছরি তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মালিক পক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তাঁদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে জব্দ করা বিপুল পরিমাণ অনিরাপদ শিশুখাদ্য ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং র‍্যাব-১২-এর একটি দল। জনস্বার্থে ও খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এল.বি/কেএইচকে/জেআইএম