মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়া নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) দিনভর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই সতর্কবার্তা প্রচার করা হয়।
এর আগে একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইউএনও গৌরনদী’ থেকে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, গৌরনদী উপজেলার কোনো স্কুল-কলেজগামী শিক্ষার্থী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, সাম্প্রতিক সময়ে গৌরনদী পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে বেপরোয়া আড্ডার প্রবণতা দেখা গেছে। এসব আড্ডাকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাওন খান/এনএইচআর/এমএস