খেলাধুলা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব আইপিএলে, দুশ্চিন্তায় ভারতীয় কর্তারা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট চলমান যুদ্ধের প্রভাব এবার পড়তে পারে ভারতের জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলেও। এরইমধ্যে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটায় কয়েকটি দেশের ক্রিকেট দলের ভ্রমণসূচি এলোমেলো হয়ে গেছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র দুবাই ও দোহার আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যায়। এ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ব্যাখ্যা দিতে হয়।

এই পরিস্থিতির প্রভাব এখন আইপিএল আয়োজনেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। তবে পুরো সূচি প্রকাশ করা হবে তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ- এই তিন রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণার পর।

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য নির্বাচনের পাশাপাশি ইরানে যুদ্ধ পরিস্থিতিও বোর্ডের কর্মকর্তাদের বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে দোহা ও দুবাইয়ের মতো বড় বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরও দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের কয়েকজন খেলোয়াড় এখনও নিজ দেশে ফিরতে পারেননি।

এ অবস্থায় ওই দুই দেশের যেসব খেলোয়াড় আইপিএলে খেলতে ভারতে আসবেন, তারা সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না- তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একজন দলীয় কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের দেশে ফেরার ক্ষেত্রেই বড় বিলম্ব হয়েছে। তাদের সময়মতো আবার ভারতে ফিরিয়ে আনা বেশ কঠিন কাজ হবে। তার ওপর পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিমান ভাড়াও অনেক বেড়ে গেছে।’

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে কিছু হোটেলে রান্নার গ্যাসের ঘাটতিও দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার জরুরি পণ্য আইন প্রয়োগ করে গৃহস্থালির রান্নার গ্যাস সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন অবশ্য আশা প্রকাশ করেছেন যে তার দলের ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন এবং দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস আইপিএলের প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি তাদের আসতে কোনো বিলম্ব হবে না।’

এদিকে বিসিসিআই সহ-সভাপতি ও আইপিএল কমিশনার রাজিব শুক্লা জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আইপিএল আয়োজনে কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতার প্রথম ধাপের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে ভারতের নির্বাচন কমিশন কয়েকটি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করার পর।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘আইপিএল নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছি। যেসব রাজ্যে নির্বাচন হবে, সেগুলোর ভোটের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করার পর বাকি ম্যাচগুলোর সূচি জানানো হবে।’

আইএইচএস/