অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।
তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন। সেই সঙ্গে আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১১ মার্চ) এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমটব।
এমটবের নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী।
এমটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার সভাটি সঞ্চালনা করেন। সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) সিইও উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, ‘এমন এক সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।’
জিয়াদ সাতারা আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে জনগণের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা অনুধাবন করা এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে উদ্ভাবন বিকশিত হতে পারে। আমরা সম্মিলিতভাবে সংযোগ ব্যবস্থার সম্প্রসারণ অব্যাহত রাখব এবং নিশ্চিত করব যে আমাদের শিল্প দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখছে।’
ইএইচটি/এমএমএআর