দেশজুড়ে

শাশুড়ির ওপর অভিমান করে নদীতে ঝাঁপ দেওয়া সেই গৃহবধূর মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে ভৈরব নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধূ সাবিনা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন। নিহত সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকালে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে তিনি মাঝনদীতে ঝাঁপ দেন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে তারা নৌপুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। এসময় নিহত সাবিনা বেগমের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীতে নিখোঁজ হওয়া সাবিনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মিলন রহমান/কেএইচকে/জেআইএম