চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে অয়ন দাশ (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। তিনি পেশায় সেলুন কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি জানানো হয় ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে। পরে তিনি হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুনরাজধানীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপা পড়ে পথচারী নিহত রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
স্থানীয়দের সহায়তায় পুলিশ তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শয়নকক্ষ থেকে অয়ন দাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান মোস্তাক আহমেদ চৌধুরী।
এমআরএএইচ/কেএসআর