খেলাধুলা

৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি: ছুঁয়ে ফেলবেন ১০০০ গোলের মাইলফলক!

বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন নতুন মাইলফলক গড়ার ক্ষেত্রে সব সময়ই আলোচনায় থাকেন লিওনেল মেসি। অবিশ্বাস্য ক্যারিয়ারে তিনি আবারও আরেকটি বড় অর্জনের খুব কাছাকাছি- পেশাদার ফুটবলে তার ৯০০তম গোল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনা, সাবেক ক্লাব বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মোট ৮৯৯টি গোল করেছেন। এমএলএসের নতুন মৌসুমে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলের পর তার গোলসংখ্যা দাঁড়ায় ৮৯৯- এ। কনকাকাফ গোল্ডকাপে ন্যাশভিলে এফসির বিপক্ষে কোনো গোল করতে পারেননি। ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে মেসিকে।

বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই পেশাদার ফুটবলে নয়শোর বেশি গোল করেছেন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৯৬৫। আর ৩৫টি গোল হলেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আর সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তার পরে সর্বোচ্চ গোলসংখ্যা রয়েছে রবার্ট লেওয়ানডস্কির। যার গোলসংখ্যা ৬৯০। ফলে আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে খুব শিগগির অন্য কেউ ৯০০’র ক্লাবে যোগ দেবেন-এমন সম্ভাবনা খুবই কম।

মেসির গোলযাত্রা শুরু হয় অনেক আগে, ২০০৫ সালের মে মাসে। তখন তিনি কিশোর বয়সে বার্সেলোনার হয়ে একটি লিগ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এবং আলবাসেতে দলের বিপক্ষে শেষ দুই মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন। সেটিই ছিল পেশাদার ফুটবলে তার প্রথম গোল।

তখনই তার প্রতিভা নিয়ে অনেক আশা ছিল; কিন্তু ভবিষ্যতে তিনি এত অসাধারণ সাফল্য অর্জন করবেন- তা কেউ কল্পনাও করতে পারেনি। অথচ সেই ঘটনার ২১ বছর পরও তিনি গোল করে চলেছেন সমান গতিতে, এবং এখনও ঠিক কতদূর যেতে পারেন- তার সীমা যেন নির্ধারণ করা কঠিন।

এদিকে রোনালদোর লক্ষ্য পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল ছোঁয়া। বর্তমানে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সেই লক্ষ্যের মাত্র ৩৫ গোল দূরে। কিন্তু মেসি যখন নয়শোর কাছাকাছি পৌঁছে গেছেন, তখন প্রশ্ন উঠছে- তিনি কি হাজার গোলের স্বপ্নও ছুঁতে পারবেন? আর রোনালদোর চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, ক্যারিয়ারের শেষে কি তার গোলসংখ্যা রোনালদোকেও ছাড়িয়ে যেতে পারে?

দলভিত্তিক গোলসংখ্যা

মেসির গোলের বড় অংশ এসেছে সেই ক্লাবেই, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন- বার্সেলোনা। কাতালান এই ক্লাবের হয়ে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তার মোট গোলের প্রায় ৭৫ শতাংশ।

পরবর্তীতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে দুই মৌসুমে ৭৫ ম্যাচে করেন ৩২ গোল। এরপর ইন্টার মিয়ামির হয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে করেছেন ৮০ গোল।

জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে তার গোলসংখ্যা ১৯৬ ম্যাচে ১১৫। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গোল আসে ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। সেই ম্যাচে তিনি দুটি গোল করেন এবং টাইব্রেকারে একটি গোল করেন, যা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করে।

দলভিত্তিক গোলসংখ্যা

বার্সেলোনা: ৭৭৮ ম্যাচে ৬৭২ গোলপিএসজি: ৭৫ ম্যাচে ৩২ গোলইন্টার মিয়ামি: ৯১ ম্যাচে ৮০ গোলআর্জেন্টিনা: ১৯৬ ম্যাচে ১১৫ গোল

মোট: ১১৪০ ম্যাচে ৮৯৯ গোল

এক হাজার গোল কি সম্ভব?

মেসির সামনে এখনও এক হাজার গোলের পথ খোলা। ২০২৫ সালের অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করেন তিনি, যা চলবে ২০২৮ মৌসুম পর্যন্ত। তখন তার বয়স হবে ৪১।

২০২৩ সালের জুলাই থেকে তিনি গড়ে প্রতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে প্রায় ৩৬ গোল করছেন (মিয়ামির হয়ে ৮০ এবং আর্জেন্টিনার হয়ে ১২)। যদি তিনি একই হারে গোল করতে থাকেন, তাহলে ২০২৮ মৌসুমের শেষদিকে তিনি হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন।

রোনালদোকে কি ছাড়িয়ে যাবেন?

রোনালদোর বর্তমান গোলসংখ্যা ১৩০৯ ম্যাচে ৯৬৫। তিনি ৫ ফেব্রুয়ারি ৪১ বছরে পা দিয়েছেন। অন্যদিকে মেসির গোল ১১৪০ ম্যাচে ৮৯৯। তিনি ২৪ জুন ৩৯ বছরে পা দেবেন।

ধরা যাক, রোনালদো এখনই অবসর নিলেন এবং মেসি আরও দুই মৌসুম খেললেন। যদি তিনি প্রতি মৌসুমে ৩৬ গোলের গড় বজায় রাখেন, তাহলে ২০২৭ সালের মাঝামাঝি সময়েই তিনি রোনালদোর ৯৬২ গোলের সংখ্যা ছাড়িয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে মেসির মোট গোল দাঁড়াতে পারে প্রায় ৯৬৮।

অবশ্য এগুলো কেবল আনুমানিক হিসাব। তবে এটুকু স্পষ্ট- সময় এখনও মেসির পক্ষেই রয়েছে।

ফুটবলের এই দুই মহাতারকা আধুনিক যুগকে সংজ্ঞায়িত করেছেন। ২০০৮ সালে রোনালদোর প্রথম এবং ২০২৩ সালে মেসির অষ্টম বর্ষসেরা পুরস্কার পর্যন্ত- দুজন মিলে মোট ১৩ বার এই সম্মান জিতেছেন।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও দ্বৈরথ ধরে রাখার পাশাপাশি তারা নিজেদের ইতিহাস আরও সমৃদ্ধ করে চলেছেন। তাই প্রশ্নটা এখনও রয়ে গেছে- শেষ পর্যন্ত সর্বকালের সেরা কে?

আইএইচএস/