মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ও যাওয়ার একটি করে, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি ও যাওয়ার দুটি এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি এবং যাওয়ার চারটি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এমআরএএইচ/একিউএফ