খেলাধুলা

ঈদের পর ২৬ মার্চ দেশে ফিরবেন বিসিবি সভাপতি

তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা-কল্পনা আর গুঞ্জনের শেষ নেই। গত তিন-চার মাসে তিনি যতবার অস্ট্রেলিয়া গিয়েছেন, প্রায় প্রতিবারই তার যাওয়া এবং ফেরা নিয়ে কোনো না কোনো নেতিবাচক কথা উঠেছে। মাঝখানে রটে গিয়েছিল যে, আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গিয়েছেন এবং আর বাংলাদেশে ফিরবেন না। তা নিয়ে হইচই আর লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছিল। পরবর্তীতে দেখা গেল, আমিনুল ইসলাম বুলবুল দেশত্যাগই করেননি। এই ঘটনায় বিসিবি প্রধান চরম ক্ষুব্ধ হয়েছিলেন এবং সাংবাদিকদের ওপরও চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন।

তার কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ও অনলাইনে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন বিসিবির ভাড়া করে আনা আইসিসির সাবেক প্রধান দুর্নীতি দমন কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। সেই সংবাদটিও পরবর্তীতে ভিত্তিহীন প্রমাণিত হয়। এবার চটে গিয়ে বিসিবিতে সাংবাদিকদের আসা-যাওয়া সীমিত বা নিষিদ্ধ করে দেন বিসিবি প্রধান। শেষ পর্যন্ত ওই দুটি ঘটনার পর থেকে সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্ক রীতিমতো তিক্ততায় রূপ নেয়।

এর মাঝেই তিনি এবার অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এবারও তার ফেরা নিয়ে রাজ্যের সংশয় এবং অনেক কথাবার্তা হয়েছে। যদিও জাগো নিউজের পাঠকরা প্রায় ১৫ দিন আগেই জেনে গিয়েছেন যে, আমিনুল ইসলাম বুলবুল ঈদের পর ফিরবেন। অবশেষে গতকাল মধ্যরাতে নতুন খবর জানা গেল। ঈদের পর ২৬ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসবেন বিসিবি সভাপতি।

বিসিবির বর্তমান পরিচালক পর্ষদ বহাল থাকবে নাকি ভেঙে যাবে, তদন্ত কমিটির ফলাফল কী হবে এবং তাদের সুপারিশ কী আসবে- তা সময়ই বলে দেবে।

তবে বিসিবি নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা, অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের যে অভিযোগ ঢাকার ৫০টি ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর-বঞ্চিত ক্রীড়া সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি আমিনুল ইসলাম বুলবুলের মুখোমুখি হতে পারে। কমিটিকে বলে দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন এবং তাদের জবানবন্দি ও বক্তব্য গ্রহণ করবেন। সেই অনুযায়ী তারা কাজও শুরু করে দিয়েছেন।

২৬ মার্চ দেশে ফিরে আসার আগে তিনি অস্ট্রেলিয়া থেকে ২৩ তারিখে দক্ষিণ কোরিয়ায় আসবেন। এবার দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতেই বুলবুল অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৩ তারিখ নাগাদ কোরিয়ায় পৌঁছাবেন। ২৩ ও ২৪ তারিখ- এই দুই দিন এসিসির সভা চলবে। সেখান থেকে ২৬ বা ২৭ তারিখ নাগাদ তার ঢাকা আসার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা।

এআরবি/আইএইচএস/