ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে নস্যাৎ করার জন্য একটা দল পাগল হয়ে গেছে। আজ সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায়।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির নারী নিপীড়নের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র সংগঠনটি।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ডাকসু ভিপি বলেন, ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের রাস্তা দিয়ে খুনি হাসিনা ক্ষমতায় এসেছিলেন, ওই দলটি সেই কাঠামোকে এখনো রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেড় বছর পার করেছি। এ সময় যদি আপনারা ওই দলের আমলনামা দেখতে চান তাহলে দেখবেন পুরো সময় ধরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের দেড় বছর পরে ওই দলের একজন নেতা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি উনি আসার পরে ওই দলের ‘সন্ত্রাসীরা’ আরও লাগামহীন হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যেভাবে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, ওই ধারাকে বন্ধ করতে তারা পাগল হয়ে গেছে। তারা নির্বাচন কমিশনের সামনে মব করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করেছে।
সাদিক কায়েম বলেন, আজ সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায়। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে যাচ্ছে। বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের বিজয়ী করার জন্য এ দেশের জনগণ মুখিয়ে আছে। এটা দেখে তারা পাগল হয়ে গেছে।
আরও পড়ুননারীরা জামায়াতের আমির হতে পারবেন না, পুরুষই নারীর পরিচালক অ্যাকাউন্ট হ্যাক একটি দল ও তাদের সাইবার টিমের চক্রান্ত: জামায়াত
তিনি বলেন, তারা কাপুরুষের মতো সারাদেশে মা-বোনদের ওপর হামলা করছে। আমরা বলতে চাই, আর যদি কোন মা-বোনের ওপর হামলা করা হয়, তাহলে এ দেশের ১৮ কোটি জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করবো।
এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গেছে। তাদের মধ্যে কোন হুশ আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা-বোনদের রেহায় দিচ্ছে না। এমন একটা দলের কাছে বাংলাদেশ কীভাবে নিরাপদ হতে পারে।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, তারা আমাদের মা-বোনদের ওপর পুরোনো কাপুরুষোচিত আচরণ করেছে। ইসলামী ছাত্রশিবির যতদিন থাকবে ততদিন কোনো মা-বোনের ওপরে কাপুরুষোচিত হামলা মেনে নেওয়া হবে না।
এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাষ্কর্য ঘুরে শাহবাগ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিবির নেতাকর্মীদের ‘চাঁদাবাজি নিপাত যাক, দেশের মানুষ মুক্তি পাক’, ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টারপ্ল্যান’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলমিশে একাকার’, ‘তারেক তোমার প্ল্যান কী, মানুষ খুনের রাজনীতি’ সহ নানান স্লোগান দিতে দেখা যায়।
এফএআর/কেএসআর