দেশজুড়ে

রেশন কার্ড করে দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

বগুড়ার ধুনটে সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৬) ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।সোমবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে টুটুল সরকার টিটু (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত টুটুল সরকার টিটু উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে। পেশায় সে একজন পিকআপ ভ্যান চালক।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে কুনজর ছিল টিটুর। ইজ্জত হরণের লক্ষ্যে সে সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। গত ২৫ জানুয়ারি দুপুরে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে সে কৌশলে গৃহবধূকে উপজেলা পরিষদে নিয়ে আসেন। দিনভর নানা টালবাহানায় বসিয়ে রাখার পর সন্ধ্যায় জানায় যে, সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় কাজ হয়নি।

পরবর্তীতে গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে টিটু।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত টুটুল সরকারকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এল.বি/কেএইচকে/জেআইএম