১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ‘হত্যার’ বিচার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিজামীপুত্র ও সাঁথিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম মাদরাসা মাঠে নিজ নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি।
ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, ‘বলা হয় আমি নাকি আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার প্রতিশোধ নিতে সাঁথিয়ায় এসেছি। আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আমার পিতা হত্যার বিচার হয়ে যাবে।’
তিনি বলেন, ‘রাজাকার রাজাকার’ বলে আবার সেই পুরোনো ফ্যাসিবাদী চর্চায় ফিরতে চাচ্ছে প্রতিপক্ষ বন্ধুরা। ভোটকেন্দ্র দখল নেওয়া হবে বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা ভুলে গেছেন এই ফর্মুলা আর দেশের মানুষ গ্রহণ করে না। চব্বিশের আন্দোলনে রক্তচক্ষু উপেক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেশের মানুষ এই ভয় দূর করেছে।
ব্যারিস্টার নাজিবুর রহমান আরও বলেন, আমার পিতা নিজামী এই এলাকার এমপি ও মন্ত্রী ছিলেন। তিনি কোনো দলের হিসেবে নিজেকে প্রকাশ করেননি। তিনি দলমতের ঊর্ধ্বে সবার পাশে ছিলেন। দেশের সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই সাঁথিয়াকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তার হয়ে আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে চাই।
জনসভায় অন্যদের মধ্যে সাঁথিয়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলনা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, শুরা সদস্য কামরুজ্জামান বকুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, গৌরীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সেক্রেটারি জিয়াউল কবির, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম প্রমুখ।
আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম