জাতীয়

র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, র‍্যাব পুনর্গঠনের জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি র‍্যাবের নতুন নাম সুপারিশ করেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। প্রধান উপদেষ্টা সেটি অনুমোদন দিয়েছেন। এটি আজ থেকেই কার্যকর হবে। বাহিনীটির কার্যক্রম নতুনভাবে শুরু হবে। এ বিষয়ে সরকারি একটা অর্ডার হবে।

এতে র‍্যাবের কাজের মানে পরিবর্তন আসবে কি না? জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন যে তাদের কাজের মানে পরিবর্তন এরই মধ্যে চলেও আসছে। আপনি যদি তাদের দেড় বছর আগের কাজের মান দেখেন আর এখন দেখেন, সেটার মধ্যে পরিবর্তন অনেক এসেছে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেন, মানুষ ওই (র‌্যাব) নামটাকে খারাপ মনে করত, এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সাভারে মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরএমএম/এমআইএইচএস