ক্যাম্পাস

ইমেরিটাস অধ্যাপক হলেন চার বিশিষ্ট শিক্ষাবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক পদে চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. ইউসুফ হায়দার, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম এবং ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই চার শিক্ষাবিদ নিজ নিজ বিভাগের সঙ্গে ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত থাকবেন। তারা নিজ নিজ একাডেমিক ক্ষেত্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন।

ইমেরিটাস অধ্যাপক হিসেবে তারা অবসর গ্রহণের আগে অধ্যাপক পদে যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ছাড়া অন্য সব সুবিধা পাবেন। এছাড়া গবেষণা ও প্রকাশনার জন্য পাঠাগার ব্যবহারের সুযোগ, সেক্রেটারিয়াল সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সুবিধাও তারা নিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ৯ জন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ. এফ. এম. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী প্রমুখ।

এফএআর/বিএ