ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র রজনী শবে বরাত পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। এ রাতে বিশেষ ইবাদত, নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য কামনা করছেন।
লাইলাতুল বরাত পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যার পরই বায়তুল মোকারম জাতীয় মসজিদে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার আজানের পর পাড়া মহল্লার মসজিদগুলোতে মুসল্লিরা আসতে থাকেন। এশার নামাজের জামাতে মসজিদগুলো প্রায় মুসল্লিতে ভরে যায়।
এরপর শবে বরাতের রাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে বয়ান করতে থাকেন। বয়ানের পর মোনাজাতের মাধ্যমে শেষ করেন আনুষ্ঠানিকতা। এরপর মুসল্লিরা নিজেদের মতো করে ইবাদতে মশগুল হচ্ছেন। মসজিদগুলোও সারারাত খোলা থাকবে।
মধ্য শাবানের এই পবিত্র রাতটি অনেকেই মসজিদ ছাড়াও নিজ নিজ বাসায় ইবাদত-বন্দেগির মাধ্যমে পার করছেন। কেউ নফল নামাজ আদায়ে রত, কেউ আল্লাহর জিকিরে মগ্ন। আবার কেউ কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ঈমানদার মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছেন।
মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা শুরু হয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
রাত পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে গিয়ে দেখা গেছে, নজরুল ইসলাম কাসেমী বয়ান শেষে মোনাজাত করছেন। মোনাজাতে শত শত মুসল্লি অংশ নিয়েছেন।
রাত ৮ টা ৩০ মিনিটে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
মুসল্লিদের আনাগোনায় বায়তুল মোকাররমসহ পাড়া মহল্লার মসজিদগুলোতে ভিক্ষুকদের ভিড় দেখা যায়।
মসজিদগুলোতে বড়দের সঙ্গে ছোট ছোট শিশুদেরও পায়জামা-পাঞ্জাবি পরে আসতে দেখা গেছে।
এ রাতে মৃতদের রুহের মাগফেরাত কামনায় রাজধানীর কবরস্থানগুলোতেও যাচ্ছেন অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন তারা।
ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির আসগারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে। ফজরের নামাযের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শবে বরাতের অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এমন আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরএমএম/এএমএ