জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় সেবাগ্রহীতার কাছে টাকা দাবি করায় সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, বিভিন্ন সময় এনআইডি সেবায় আর্থিক লেনদেনের কারণে ইসি কর্মচারীদের শাস্তি দেওয়া হয়েছে। এটি ইসির উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে প্রথমবার শাস্তি দেওয়ার ঘটনা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বরখাস্তের প্রজ্ঞাপনে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাবেক গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা) এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশনা অমান্য করে এখতিয়ার বহির্ভূতভাবে একজনের জন্ম তারিখ সংশোধনের (১০ বছর কমাতে) জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে দুই লাখ টাকা দাবি করেন।
পরে আবেদনকারীর সঙ্গে দর-কষাকষি করে এক লাখ ৭০ হাজার টাকায় তা নির্ধারণ করেন। আবেদনকারী তার দাবি করা টাকা না দেওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন। আবেদনকারী সংক্ষুব্ধ হয়ে অবৈধ অর্থ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন।
এমওএস/এএমএ