জাতীয়

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের আকারসীমা বন্ধের পর যেসব যাত্রী শাহজালাল বিমানবন্দরে আটকে পড়েছেন, তাদের রাত্রিযাপনের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যে সব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপন সুবিধা দেওয়া হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।

এ অবস্থায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বেবিচক। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটের কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমএমএ/এনএইচআর