আইন-আদালত

সাবেক এমপি সানজিদা খানমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানাধীন থাকাবস্থায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো আবেদনে বলা হয় ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক এমপি সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য কমিশনের সহকারী পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. ইসমাইল হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানাধীন অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে আবেদনে জানানো হয়। এ সংক্রান্ত প্রস্তাবে কমিশনের প্রধান কার্যালয় অনুমোদন দিয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়।

আবেদনপত্রে সানজিদা খানমের পূর্ণাঙ্গ পরিচয়, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, সানজিদা খানম দায়িত্বে থাকাকালে ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তদন্তযোগ্য অপরাধ।

শুনানি শেষে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের আদেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সম্পদের হিসাব যাচাই শেষে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

এমডিএএ/এমএমএআর